বিনোদন ডেস্ক: শনিবার সকালে ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর করোনার আক্রান্ত হওয়ার খবর জানা যায়। কয়েক ঘণ্টা না যেতে মহামারি ভাইরাসটিতে এবার আক্রান্ত হলেন চলচ্চিত্র নির্মাতা তথা বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জী।
শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এ খবর সৃজিতই জানান। তিনি লেখেন, ‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি। বিগত ৭২ ঘণ্টায় যে যে আমার সান্নিধ্যে এসেছেন তারা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নেবেন।
কাজের ক্ষেত্রে কিছুদিন আগেই সৃজিত জানিয়েছিলেন, এ বছরই বড় পর্দায় ফিরছে ‘কাকাবাবু’। এর পরই প্রকাশ্যে আসে ‘কাকাবাবু’র প্রত্যাবর্তন ছবির ট্রেলার। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। তবে শুধু টলিউডে নয়, বলিউডেও মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিতের এই ছবি।
কিছুদিন আগেই উত্তরবঙ্গের জঙ্গলে একটি বলিউড ছবির শুটিং করছিলেন পরিচালক। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। শুটিংয়ের ফাঁকে স্ত্রী মিথিলা ও কন্যা আইরাকে নিয়ে কাঞ্জনজঙ্ঘার দর্শনও করে আসেন সৃজিত। তবে করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত তিনি স্ত্রী-সন্তান থেকে দূরে রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews