আইএনবি ডেস্ক:মায়ের ওপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাবিহা সুহা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের বাসিন্দা ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিমের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, ওই ছাত্রীর খালার বিবাহ বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রতিনিয়ত কথাকাটাকাটি হতো। সুহার অভিযোগ ছিল মা তাঁর থেকে তাঁর খালাতো বোনকে প্রাধান্য দিতেন। এসব নিয়ে সুহা ও তাঁর বাবার সাথে তাঁর মায়ের মাঝে মধ্যেই ঝামেলা হতো।
সর্বশেষ শুক্রবার তাঁর মা তাঁকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে তাঁর বাবা ও মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের। তিনি আরো জানান, সুহার মা তাঁকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ থেকে আত্মহত্যা করতে পারে বিষয়টি ভাবতে পারেননি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews