আন্তর্জাতিক ডেস্ক: মালিতে গত সপ্তাহে বিমান হামলা চালিয়ে ৫০ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি সরকার। সকলেই আল কায়দার এবং এর ফলে ওই জঙ্গি সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরকারের দাবি। খবর ডয়চে ভেলের
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, 'খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশনের খবর আপনাদের জানাতে চাই। গত ৩০ অক্টোবর এই অপারেশন হয়েছে। ৫০ জনেরও বেশি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে ধরাও সম্ভব হয়েছে। বিস্ফোরক ও সুইসাইড ভেস্টও উদ্ধার করা হয়েছে।'
যে জায়গায় ফরাসি অপারেশন হয়েছে, তা বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তের কাছে এবং সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ড্রোনে দেখা যায়, তিনটি সীমান্ত এলাকায় মোটরসাইকেলে করে প্রচুর বিদ্রোহী যাচ্ছে। এরপর দুইটি মিরাজ যুদ্ধবিমানে করে ফরাসি সেনাকে সেখানে পাঠানো হয়। সেই সঙ্গে একটি ড্রোনও ব্যবহার করা হয় ক্ষেপনাস্ত্র ছোড়ার জন্য।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিদ্রোহীদের সঙ্গে আল কায়দা ও সাপোর্ট গ্রুপ ফর ইসলাম অ্যান্ড মুসলিমস(জিআইএসএম)-এর যোগ আছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews