আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন ২৭ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নাবিলা ৫৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ডার্বি হিলস পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।
নির্বাচনে জয়ের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশে নাবিলা বলেন, "আমাদের প্রচার দলের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে সরাসরি কথা বলতে পেরেছেন। কেবল ভোট জেতার আকাঙ্ক্ষা নয়, বরং সহমর্মিতা ও সহানুভূতিকে সামনে রেখেই আমরা পুরো প্রচার অভিযান চালিয়েছি।"
ইলিনয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলির এই আসনটিতে নির্বাচন ছিল অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ইলিনয়ভিত্তিক সংস্থা 'রিফর্ম ফর ইলিনয়'-এর নির্বাহী পরিচালক আলিসা কাপলানের দেওয়া তথ্য অনুযায়ী, এই আসনের দুই প্রার্থীর প্রচারণায় মোট প্রায় ৬৫ লাখ ডলার ব্যয় হয়েছে।
কাপলানের হিসাব অনুযায়ী, নাবিলা তাঁর নির্বাচনী প্রচারে অন্তত ৪৭ লাখ ডলার অনুদান পান, যার সিংহভাগ এসেছে নিজ দল ডেমোক্রেটিক পার্টি থেকে। বিশেষ করে ইলিনয় সিনেটের প্রেসিডেন্ট ডন হারমনের নিয়ন্ত্রিত 'ইলিনয় ডেমোক্রেটিক পার্টি' এবং 'ইলিনয় সিনেট ডেমোক্রেটিক ফান্ড' থেকে তিনি ৩০ লাখ ডলারের বেশি অর্থ সহায়তা পান। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন থেকেও তিনি উল্লেখযোগ্য অনুদান পান। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলস পান মোট ১৮ লাখ ডলার।
নির্বাচনে অর্থের ব্যাপক ব্যবহারের সমালোচনা করে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘অসৎ কৌশল’ অবলম্বনের অভিযোগ তোলেন ডার্বি হিলস। যদিও তাঁর দল 'ইলিনয় সিনেট রিপাবলিকান ক্যাম্পেইন' থেকে তাঁকে গত আগস্টেই ৩ লাখ ডলার দেওয়া হয়েছিল। নাবিলার বিরোধিতা করতে গত মাসে 'স্ট্রং ইন্ডিপেনডেন্ট লিডারশিপ কমিটি' নামে একটি বিশেষ রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠিত হয়, যাতে নর্থ ব্যারিংটনের বিশিষ্ট উদ্যোক্তা ভিন্স ফোগলিয়া এককভাবে ৫ লাখ ডলার অনুদান দেন। এ ছাড়া ফোগলিয়ার পরিবার ডার্বির প্রচারে আলাদাভাবে আরও ৫ লাখ ডলার প্রদান করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews