রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদ্রাসায় শিক্ষক পদে থেকেও নিজে ক্লাস না নিয়ে আপন মামাকে দিয়ে প্রক্সি শিক্ষক হিসেবে পাঠদান করানোর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত শিক্ষক নাফিউল ইসলাম জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ২০২৫ সালের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই রাজনৈতিক ব্যস্ততা ও মাস্টার্স সম্পন্ন না হওয়ার অজুহাতে নাফিউল ইসলাম নিজে শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে আসমত আলী নামের তার আপন মামাকে দিয়ে ক্লাস করিয়ে আসছেন। অথচ মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না থাকলেও তিনি ঠিকই সরকারি বেতন-ভাতা তুলে নিচ্ছেন। প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস করানোর বিনিময়ে প্রাপ্ত বেতনের অর্ধেক টাকা তিনি মামাকে দেন এবং বাকি অর্ধেক নিজে রেখে দেন বলে স্বীকার করেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম জানান, মাস্টার্স শেষ না হওয়ার অজুহাতে জীবন বিকল্প ব্যবস্থা করার অনুমতি চেয়েছিলেন এবং স্থানীয় বা পরিচালনা কমিটির কোনো বাধা না থাকায় তা চলে আসছিল। তবে অভিযুক্ত নাফিউল ইসলাম জীবন বিষয়টি পুরোপুরি বৈধ নয় এবং গোপনীয়তার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, প্রক্সি শিক্ষক রাখার কোনো নিয়ম নেই এবং ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews