আইএনবি ডেস্ক: মনির হোসেন ওরফে গোল্ডেন মনির দোকানের কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া তার বিরুদ্ধে মাদক মামলায় চার্জগঠন করেছেন আদালত। এর ফলে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাউদ্দিন হাওলাদার এ তথ্য জানান।
২০১৯ সালের ২০ নভেম্বর গভীর রাতে মনিরের বাড্ডার বনশ্রীর বাড়ি ঘিরে রাখে র্যাব। পরে ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়। র্যাবের দাবি, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি। যার প্রতিটির মূল্য ৩ কোটি টাকা।
২০২১ সালের ২৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মাদক ও অন্ত্র আইনের মামলায় পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews