আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সঙ্গে যুদ্ধের অচলাবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে সেনা আনা হচ্ছে বলে জানিয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মাইকেল স্টেফেনস।
বৃহস্পতিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মাইকেল স্টেফেনস বলেন, তিনি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, যাদের স্বজন মার্কিন বিমানবাহিনীতে কর্মরত। তাদের স্বজনদের মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সেনার সংখ্যা বাড়াচ্ছে। এটি থেকে বোঝা যায়, দেশটি এখনো সেখানে সেনা জড়ো করছে।
তবে নতুন করে সেনা আনার উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন মাইকেল।
তিনি বলেন, ‘আমার বর্তমান মূল্যায়ন হলো, যুক্তরাষ্ট্র এ মুহূর্তে স্থল হামলা চালাতে পারবে না এবং কোনো জয়ের আশাও করতে পারবে না।’
যুদ্ধের বর্তমান পরিস্থিতিকে দুই দেশের জন্যই কঠিন বলে উল্লেখ করেছেন তিনি। মাইকেল বলেন, ‘আমি মনে করি না এ মুহূর্তে কেউ জয় পাচ্ছে। আমরা সম্পূর্ণ অচলাবস্থার মধ্যে আছি।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর মধ্যেই আবার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। বর্তমানে হামলা বন্ধ রয়েছে।
সূত্র: আলজাজিরা
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews