আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো গর্ভাবস্থায় করোনার টিকা না নেওয়ার কথা জানিয়েছিল। টিকা বিশেষজ্ঞরাও এ ব্যাপারে একমত ছিলেন। প্রথমদিকে টিকার বিষয়ে বলা হয়েছিল, গর্ভবতী নারীরা ছাড়াও যেসব মা সন্তানকে স্তন্যদান করছেন তারাও টিকা নিতে পারবেন না। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় প্রশাসন। নারীরা সন্তান জন্মদানের পরই টিকা নিতে পারবেন বলে জানানো হয়েছে। ফলে যেসব নারীরা সন্তানদের স্তন্যপান করাচ্ছেন তাদেরও টিকা নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
নীতি আয়োগের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকা নেওয়ার পর স্তন্যদান করতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে এক ঘণ্টাও অপেক্ষা করতে হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন, টিকা গ্রহণের পর স্তন্যদান করতে কোনো সমস্যা নেই। যেকোনো সময় মা তার সন্তানকে স্তন্যদান করাতে পারেন।
দিল্লির ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড জিটিবি হসপিটালের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিনের প্রফেসর ডা. খান আমির মারুফ বলেছেন, টিকা নেওয়ার পর নবজাতককে স্তন্যদান করতে কোনো মায়েরই অসুবিধা হবে না। তাই প্রসবের পর টিকা নিতে দেরি করার কোনো মানেই হয় না। তিনি আরো বলেন, এক্ষেত্রে নারীদের কোনো অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে না। সাধারণ ক্ষেত্রে যেসব সতর্কতা মানতে হয় এক্ষেত্রেও সেই একই সতর্কতা মেনে চললেই হবে।
এদিকে ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন।
সূত্র: কলকাতা ২৪।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews