আন্তর্জাতিক ডেস্ক:: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথের গুহা মন্দিরের কাছে হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন।
এমতাবস্থায় ওই মন্দিরে যাত্রা স্থগিত করেছে দেশটির সরকার।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এ সময় মন্দিরের রান্নার ও তাঁবু বৃষ্টির পানিতে ভেসে গেছে।
বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু কঠিন ভূখণ্ডের কারণে রাতের বেলায় উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
দেশটির ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বলেন, অমরনাথ মন্দিরে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং অস্থায়ী ব্যবস্থা করা হলে আবার যাত্রা শুরু হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews