সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের কলেজছাত্র ইউনুস আলি ছোটন কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে উড়ে গেলো তার বাম হাত। ভাইয়ের সঙ্গে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে এ ঘটনার শিকার হন।
তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
হাত উড়ে যাওয়া যুবক ছোটন ওই গ্রামের ইয়াকুব আলি গাজীর ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের সম্মান শ্রেণির ছাত্র।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝ ভাই ফিরোজকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিখিনমোড়ানা বস্তু দেখে কৌতুহলবশতঃ তাতে হাত দেয়। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে তিনি জানান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews