নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধরের ঘটনার পর পুলিশ মাটি কাটা বন্ধ করে দিলে স্থানীয় বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব না হওয়ায় আয়োজিত ওই বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬নং ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ বৈষম্যবিরোধী মামলার আসামিরা উপস্থিত ছিলেন। এছাড়া ওই বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও যোগ দেওয়ার কথা ছিল। তবে বৈঠকের খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হলে ছামেদ আলী নারীদের সামনে দিয়ে ডিবি পুলিশের পথরোধ করিয়ে নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যান। ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, আসামিদের তাৎক্ষণিকভাবে চিনতে না পারার সুযোগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান দাবি করেছেন যে আওয়ামী লীগ নেতার বাড়িতে তার কোনো বৈঠক ছিল না এবং কাদির সিবিআই যে ছাত্রলীগ করতেন, সে বিষয়েও তার কোনো ধারণা ছিল না।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews