জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নিহতদের সবাই বাসের যাত্রী। দুর্ঘটনার সময় রেল ক্রসিংটির গেট খোলা ছিল ও সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী,পুলিশ ও জয়পুরহাট ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, পুরানাপৈল রেলগেটে আজ সকাল ৬টা ৫৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে জয়পুরহাটগামী বাসটিকে দুমড়ে-মুচড়ে ট্রেনটি প্রায় ৫’শ মিটার দুরে রেললাইনের উপরে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ৫জন আহত হয়।
আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পর সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হলে আরো দু’জন নিহত হয়। বর্তমানে গুরুতর আহত ৩জন বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি আছে।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান,পুরানাপৈল রেলগেটে গেটম্যান তার দায়িত্ব পালন না করায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাজ সহ সার্বিক খরচ বহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews