বান্দরবান প্রতিনিধি: স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী ও মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ। দায়িত্ব পাওয়ার কিছুদিন পরেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী অভিযোগ এনে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।
বান্দরবান জেলা এনসিপির সদস্য সচিব গোলাম মোস্তফা আসাদ জানান, গ্রেফতারের বিষয়টি কেন্দ্রকে জানানোর পর দ্রুত কেন্দ্রীয়ভাবে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নীতি অত্যন্ত কঠোর উল্লেখ করে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews