আইএনবি ডেস্ক: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই তাই জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে আমির বলেন, বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না, তাই বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।
এর আগে সকালে ওই গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করার পাশাপাশি আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন এবং মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে অভ্যর্থনা জানান। এ সময় হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন তিনি।
এ সফরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করার পর শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হয়েছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews