/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বাকিতে সিঙ্গারা না দেওয়ায় গরম তেলে বিক্রেতাকে ঝলসে দিল

Update Time : 06:08:51 am, Tuesday, 20 June 2023

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাব্বি শিকদার (৩০) নামে এক ক্রেতাকে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গরম তেল ঢেলে এক পুরি-সিঙ্গারা বিক্রেতার শরীর ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক বিক্রেতা রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়া একটি পুরি-সিঙ্গারার দোকান রয়েছে। প্রায় সময়ই একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেত। সোমবার রাত আটটার দিকে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা খেতে চায়। তখন রিপন মিয়া তাকে বলে আগেরও বাকি রয়েছে তাই এখন আর বাকি দেওয়া যাবে না। একথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাব্বি। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা পুরি সিঙ্গারা ভাজার চামচ দিয়ে গরম তেল রিপন মিয়ার শরীরে ঢেলে দেয়। রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে চিৎকার শুরু করেন। এসময় রাব্বি স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রিপন মিয়াকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট