/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বাংলামোটরে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Update Time : 06:53:29 pm, Saturday, 11 July 2026

আইএনবি ডেস্ক: রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় প্রায় ২৮ বছর বয়সি অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ২৫ নম্বর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নিতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট