নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।
তারা শনিবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করে এতে প্রায় ঘণ্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বেকা গার্মেন্টসে অ্যান্ড টেক্সটাইলসে অন্তত ৮ থেকে ৯০০ শ্রমিক কাজ করেন। তাদের কারো দুই মাস আবার কারো তিন মাসের বেতন পাওনা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করে আসছি। তারা আমাদের আশ্বাস দিয়েছিল ১৮ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। কিন্তু তারা এখনো পর্যন্ত শ্রমিকদের বেতন বুঝিয়ে দেয়নি। বেপজা শ্রমিকদের বেতনের বিষয়টি দেখবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হই। শ্রমিকরা যেন আবারও কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews