আইএনবি নিউজ: বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বংশাল কসাইটুলীর রাস্তায় গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশু মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে তার মা-বাবা ও বড়বোন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।
তিনি বলেন, জানতে পেরেছি রাস্তার পাশের গ্যাস লাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। বাসায় থাকা একই পরিবারের চারজন দগ্ধ হয়।
ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। আর দগ্ধ হয় তার বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪)।
আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি গতকাল রাস্তায় গ্যাস লাইন মেরামত করে। সেখানে কেউ হয়তো সিগারেটের টুকরো ফেলেছে। এই কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দগ্ধ জাবেদের ফুফু শিউলি বেগম জানান, জাবেদ হোসেনের এলাকায় একটি ব্যাগ কারখানা রয়েছে। তার স্ত্রী গৃহিণী। পরিবার নিয়ে কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের ওই বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ এবং জান্নাতের ৬০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews