আইএনবি ডেস্ক: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছেন ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন টিচার্স ট্রেনিং কলেজের সামনে।
দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়ে দ্বন্দ্বের জের ধরেও সংঘর্ষ হয়েছিল।
আজও একই ধরনের উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews