আইএনবি ডেস্ক: মাদকের বিরুদ্ধে নিজ উদ্যোগে সশস্ত্র অভিযান চালিয়ে দেশজুড়ে ও দলীয় রাজনীতিতে তীব্র বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রী বিব্রত হোক। এ কারণে আমি পদত্যাগের ঘোষণা দিলাম।” তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে নিজের ইচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করার সুযোগ দিয়েছেন।
এর আগে সকালে বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছিলেন যে দলের ইচ্ছার বিরুদ্ধেই তিনি নিজ থেকে সরার সিদ্ধান্ত নিচ্ছেন। প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিলেও আগামী দিনে সাধারণ নাগরিক ও সংসদ সদস্য হিসেবে মাদকের বিরুদ্ধে “আরও বেশি আগ্রাসী হয়ে” সামাজিক যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়ায় নিজের ও দেহরক্ষীদের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মারমুখী ভঙ্গিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রবিবারই প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পাঠালে তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়ায়, যদিও রাতে এক অডিও বার্তায় সেটিকে 'গুজব' দাবি করেছিলেন ইশরাক। অবশেষে সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের খবর নিশ্চিত করার মাধ্যমে ঘটনার চূড়ান্ত যবনিকা ঘটল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews