নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল রবিবার সকালে নির্যাতিত গৃহবধূ পলাশ থানায় মামলাটি করেন। অভিযুক্ত পাপ্পু খন্দকার উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের আবদুল ছাত্তার খন্দকারের ছেলে ও ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলম খন্দকারের ছোট ভাই।
গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, গৃহবধূর স্বামী অভিযুক্ত পাপ্পু খন্দকারের কাছে কয়েক মাসের বেতন পান। বেতন না দেওয়ায় তাঁদের কষ্টের জীবন যাপন করতে হচ্ছে । একপর্যায়ে টাকা চাইতে গেলে গত ২৬ অক্টোবর রাতে টাকা দেওয়ার কথা বলে তাঁদের (গৃহবধূ ও তাঁর স্বামী) ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে নেন পাপ্পু। পরে সেখানে স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে ব্যক্তিগত গাড়ির ভেতরে গৃহবধূকে ধর্ষণ করেন পাপ্পু। পিস্তলের ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে না জানাতে হুমকিও দেওয়া হয়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি তাঁরা। কিন্তু কয়েক দিন ধরে পাপ্পু গৃহবধূকে তাঁর কাছে এনে দেওয়ার জন্য গৃহবধূর স্বামীকে চাপ দিচ্ছিলেন। বিষয়টি মেনে নিতে না পেরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে পাপ্পু ও তাঁর সহযোগী শাহাদাত হোসেনের বিরুদ্ধে গতকাল মামলা করেন।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, পলাতক পাপ্পু খন্দকার ও তাঁর সহযোগী শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews