নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়ণপুর এলাকায় আইসিএল স্কুলের সামনে বখাটেদের ছুরিকাঘাতের শিকার হয়েছে ১১ বছরের স্কুলছাত্রী জান্নাতি মায়মুনা নীহারিকা।
রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে এসে পিছন থেকে তার বাম হাতে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়।
নীহারিকা নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার জাহানাবাদ এলাকার রিয়াজ মাহমুদ ও রোমানা আক্তার দম্পতির মেয়ে।
প্রতিদিন স্কুল ছুটির পর মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যেতো নীহারিকা। আজ (রোববার) মা নীহারিকার বৃত্তি পরীক্ষার জন্য ছবির কাজ করতে কম্পিউটার দোকানে যান। তাই নীহারিকা একা একা স্কুল থেকে প্রাইভেট পড়তে চলে যায়। আর এ সময়ই দুই বখাটে মোটরসাইকেলে এ কাণ্ড ঘটায়। এ সময় নীহারিকার চিৎকারে প্রাইভেট শিক্ষক দৌড়ে আসে। মা-ও ছবির কাজ শেষে এসে দেখেন মেয়ে আহত। মা ও শিক্ষক দ্রুত তাকে হাসপাতলে নিয়ে আসেন।
নীহারিকার মা জানান, কে বা কারা, কি কারণে আমার মেয়েকে ছুরিকাঘাত করলো কিছুই জানিনা। কারও সাথে শত্রুতাও নেই। আমি ও আমার মেয়ে আতঙ্কের মধ্যে আছি।
প্রইিভেট শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, নীহারিকা আমার কাছে প্রাইভেট পড়তে আসার সময় দুইজন বখাটে মোটরসাইকেলে এসে তার হাতে জখম করে চলে যায়। তার চিৎকার শুনে আমি আসি। এমন সময় তার মা-ও ঘটনাস্থলে আসেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
আহত স্কুলছাত্রী নীহারিকা বলে, আমি কাউকেই চিনতে পারি নাই। তারা আমাকে আঘাত করে দ্রুত চলে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত জরুরি চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।
সুধারাম মডেল থানা ওসি অনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews