নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলা কারাগারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে সকল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হবে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু দুজন বন্দি মামলার কারণে অন্যত্র অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি বৃহস্পতিবার ভোট প্রদান করবেন।
জেল সুপার আরও বলেন, ভোট দেওয়া বন্দিদেরকে সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।
এর আগে গত ১৪ জানুয়ারি ‘নোয়াখালী কারাগারে বন্দি ৯৪১, পোস্টাল ব্যালটের আবেদন ৪৪ জনের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
এতে বলা হয়, নোয়াখালী জেলা কারাগারে বন্দি আছেন ৯৪১ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিরা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে এর বেশি রাজি হননি। কারণ এখানে আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমরা অনেক বুঝিয়ে ৪৪ জনকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করিয়েছি।
এছাড়া দেশের বিভিন্ন কারাগারসহ নোয়াখালীর ছয়টি আসনের মোট ৭২ জন বন্দি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এরমধ্যে নোয়াখালী-১ আসনের ১২ জন, নোয়াখালী-২ আসনের ৬ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৩১ জন, নোয়াখালী-৫ আসনের ১২ জন ও নোয়াখালী-৬ আসনের ৪ জন আবেদন করেছেন।
আইএনবি ডেস্ক: