আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তারা অবস্থান করবেন।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ খেতাব দিয়েছেন। খবর আল জাজিরার।
শনিবার বিক্ষোভকারীরা ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ২৫ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। এছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ।
শনিবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হন। এছাড়া সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন। তারা অঙ্গীকার ব্যক্ত করেন যে, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরবেন না।
গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ২৭ জন গ্রেপ্তার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন। তারা বলেছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাইর এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews