নির্বাচনি প্রচারের শেষ দিনেও দেশের প্রায় আসনে হামলা সংঘর্ষ

আইএনবি ডেস্ক: ‌বরগুনা, কুমিল্লার দেবিদ্বার ও লালমনিরহাটে নির্বাচনি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরগুনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে আহত করা হয়েছে। দেবিদ্বারে এনসিপি সমর্থকদের হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

বরগুনা : বরগুনা-২ সংসদীয় (বেতাগী-পাথরঘাটা-বামনা) আসনে গতকাল সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করেছে। বিকাল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিনি তার নিজ বাসভবনের সামনে এ হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। তখন ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাত করে তারা তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতা-কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

কুমিল্লা : দেবিদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে ঘটনাটি ঘটে। আহতরা হলেন ৩ নম্বর সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. গোলাম হাক্কানি (৪৩), একই গ্রামের জনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক সুমন (৩০) ও ছত্তর মিয়ার ছেলে সুজন (২০)। এরা তিনজনই বিএনপি সমর্থক। আহতরা সবাই গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিচালিত অটোরিকশার মাইকিং প্রচার কর্মী ছিলেন।

লালমনিরহাট : রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী শিহাব আহম্মেদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়।

হামলায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক শ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

আহত স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রচার শেষ করে ফিরছিলাম। কিন্তু জোড়াপুকুর এলাকায় পৌঁছানো মাত্রই আমাদের ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। মাঠের পরিস্থিতি যদি এমন অস্থিতিশীল হয়, তবে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস হারাবে। এমতাবস্থায় আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে আমি গভীর শঙ্কা প্রকাশ করছি।’ হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা প্রার্থীর কাছে গিয়েছি এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি।

আইএনবি/ বিভূঁইয়া