ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।
আজ সোমবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন গৌরাঙ্গ দেবনাথ অপু।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে স্থানীয় মাঝিকাড়া গ্রামের ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তার বাসার সামনে এসে তার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে নবীনগরে সাংবাদিকতা করতে হলে স্থানীয় সংসদ সদস্যের (এবাদুল করিম বুলবুল) বিরুদ্ধে কিছু লেখা যাবে না এবং কোনো টক শোতে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় সন্ত্রাসীরা চিৎকার করে হুমকি দিয়ে বলেতে থাকেন, ভবিষ্যতে এমপি এবাদুল করিম এর বিরুদ্ধে পত্রিকায় কিছু লেখা হলে বা টক শোতে কিছু বলা হলে অপুর হাত-পা কেটে নেওয়া হবে। তিনি সে সময় আদালত সড়কে অবস্থিত তার বাসার রাতের খাবার খাচ্ছিলেন।

এসব চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে তিনি নবীনগর থানার ওসি আমিনুর রশীদকে ফোনে বিষয়টি জানান। ওসি তাৎক্ষণিক কয়েকজন এসআইকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ সদস্যরা পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
সাংবাদিক অপু জানান, গত শুক্রবার একটি ভার্চুয়াল টক শোতে নবীনগরের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে কথার বলার পর স্থানীয় সংসদ সদস্যের কয়েকজন অনুসারী তার ওপর ক্ষিপ্ত হন। এরপর শনিবার এমপির অনুসারী বলে পরিচিত মাঝিকাড়ার বাসিন্দা সুমন উদ্দিন ফেসবুকে অপুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টের পরই রোববার রাতে তার হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়া হলো।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। কারা সাংবাদিক অপুর বাসার সামনে এমন হুমকি দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।’ দ্রুত তাদের খোঁজে বের করা হবে।
আইএনবি নিউজ/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews