আইএনবি ডেস্ক: সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম, এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসীরা মনে করেন আল্লাহ নিরাকার, এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা পালন করা হয়, যার প্রতিদানও আল্লাহ নিজেই দেবেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করলেও রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম জনগোষ্ঠীর জন্য অগ্রহণযোগ্য এবং এটি উদ্বেগ–উৎকণ্ঠা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বাদীপক্ষ অভিযোগ করেন, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত এক ভিডিওতে “রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ” বলে মন্তব্য করেছেন, যা বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। অভিযোগে আরও বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ জনগণের মধ্যে অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews