ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের বাইরের বিভিন্ন হাট-বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তেল। কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে দোকানে গেলেই পাওয়া যাচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্যে বরাদ্দ করা এই সরকারি পণ্য। তবে তা বিক্রি হচ্ছে খোলাবাজারের দরে।
খবর পেয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের একটি দোকানে গেলে দেখা যায়, ওই দোকানের রেকে শোভা পাচ্ছে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা টিসিবির বেশ কিছু বসুন্ধরা সয়াবিন তেল। কিনতে চাইলে দেওয়ার আগেই ২ লিটার তেলের জন্যে দোকানি দাম হাঁকালেন ৩৪০ টাকা। যদিও বোতলের গায়ে কোনো মূল্য লেখা ছিলোনা। বোতলের একপাশের স্টিকার ছেড়া। দোকানের পিছনদিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেলো টিসিবির মনোগ্রামসহ আরও এক বক্স সয়াবিন তেল।
দোকানে রাখা সয়াবিন তেলগুলো টিসিবির পণ্য হওয়ার বিষয়টি স্বীকার করে দোকানদার আকরাম বলন, দোকানের ছেলেরা লাইনে দাঁড়িয়ে একটি একটি করে কিনেছিলো। বাসায় খাবার জন্যে রেখেছি। ছেলেটি ভুল করে ক্রেতার কাছে বিক্রি করতে চেয়েছিলো।
তবে দোকানে পাওয়া টিসিবির বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক দোকানদার বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানে এরকম টিসিবির তেল, ডাল ও চিনি পাওয়া যাবে। সবাই প্রায় খোলামেলা ভাবেই এগুলো বিক্রি করছে। কিন্তু প্রশাসনকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না।
উপস্থিত এক ক্রেতা জানান, এই দোকান থেকে এর আগে আমি এমনি একটি তেলের বোতল কিনে নিয়ে গেছি। আমি না জেনে এটা কিনেছিলাম। এই অসাধু ব্যবসায়ী ও তাদেরকে সহযোগিতা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এই বিষয়ে সেই এলাকার টিসিবির ডিলার শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেই দোকানে পাওয়া টিসিবির তেল কোথা থেকে এসেছে আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে কখনোই বিক্রি করিনি।
ঠাকুরগাঁও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দুরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তবে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews