আইএনবি ডেস্ক: উন্নয়নকাজে যেকোনো ধরনের কমিশন বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারি বরাদ্দ জনগণের করের অর্থ, তাই উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না তা স্থানীয় জনগণকেও নিবিড়ভাবে নজরদারি করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রমনায় ‘ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থা’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, শুধু জনপ্রতিনিধিদের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়; প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ভূমিকা অপরিসীম। তিনি ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে চালু হওয়া লটারি পদ্ধতির কথা উল্লেখ করেন এবং শৈলকূপায় মাদক ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক কিংবা কোনো অপরাধের পক্ষে তদবির গ্রহণযোগ্য হবে না জানিয়ে তিনি রাজনৈতিক প্রতিহিংসা, ভাঙচুর ও হেনস্তার বিরুদ্ধে নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকায় শৈলকূপার নতুন ৩৯৫টি সড়ক অন্তর্ভুক্ত হওয়ার তথ্য তুলে ধরে আগামী পাঁচ বছরে এলাকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলামসহ শৈলকূপার বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীরা বক্তব্য রাখেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews