বরিশাল প্রতিনিধি: প্রায় ১৮ মাস তালাবদ্ধ থাকা বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। তার পাশেই ঝুলানো হয়েছে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও ছবি ঝুলানোর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় আসে।
ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, বাঁশের লাঠির সাহায্যে দুটি জাতীয় পতাকা লাগানো হয়েছে।জাতীয় পতাকার পাশেই সাঁটানো হয়েছে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাত নেতাকর্মীরা তাদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। পরবর্তীতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা প্রসঙ্গে জানতে চাইলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। এই ঘটনায় আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে দায় স্বীকার করেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠনটির নেতাকর্মীদের ওপর আমাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে উপজেলা কার্যালয় তালাবদ্ধ এবং দলীয় কার্যক্রম কার্যত বন্ধ ছিল। একপর্যায়ে কার্যালয়টি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
আইএনবি/বিভূঁইয়া