কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এই ইয়াবার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা বলে জানান বিজিবি।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান শনিবার রাতে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ১৫ আগস্ট শনিবার রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাতে ০৩/০৪ জন ইয়াবা কারবারিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ হতে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল দ্রুত তাদের দিকে এগিয়ে যায় এবং চ্যালেঞ্জ করে।
চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা ৫টি বস্তা ফেলে খালের ওপর পার্শ্বে দিয়ে কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতর হতে তিন লাখ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে ইয়াবা কারবারিদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকায় ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে রাতভর তল্লাশি অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews