আইএনবি নিউজ: সৌদি আরব সরকার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশের পাঁচ হাজার যাত্রী টিকেট কেটেও এবার ওমরা হজে যেতে পারছেন না।

সৌদির আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়। এ নিষেধাজ্ঞাকে তারা সাময়িক বললেও কবে নাগাদ তা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করেনি। এছাড়া আগামী হজ পালনে কোনো সমস্যা হবে কিনা তাও জানানো হয়নি।
সৌদি সরকারের এ আকস্মিক নিষেধাজ্ঞার ফলে বৃহস্পতিবার কয়েকশ’ ওমরা যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন। বিমানবন্দরে আসার পর তারা জানতে পারেন, তাদের ভিসা থাকা সত্ত্বেও সৌদি আরবে যেতে দেওয়া হবে না। এর ফলে সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেও শেষ পর্যন্ত ওমরা ভিসাধারী ব্যক্তিরা কয়েক ঘণ্টা দুর্ভোগের পর দুঃখভারাক্রান্ত মন নিয়ে ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা হঠাৎ করেই সৌদি সরকারের এ সিদ্ধান্ত জানতে পারি। জানার পর বিষয়টি নিয়ে দূতাবাসেও যোগাযোগ করি। সেখান থেকে জানানো হয়, ভিসা পাওয়া ব্যক্তিরাও আর আজ থেকে সৌদি আরবে যেতে পারবেন না।
তিনি বলেন, সৌদি সরকার নতুন করে কাউকে ওমরা ভিসা দেবে না। এমনকি এরই মধ্যে বাংলাদেশ থেকে যে ১০ হাজার মানুষ ভিসা পেয়েছেন, তাদেরও আর যাওয়া হবে না। এর মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ টিকেট কেটে ফেলেছেন, যার দুই হাজার টিকেট কাটা আছে বাজেট এয়ারলাইন্সে, যা নন-রিফান্ডেবল। এসব টিকেটের মূল্য নয় কোটি টাকা। তাছাড়া নিয়মিত এয়ারলাইন্সের ফ্লাইটের তিন হাজার টিকেটের কি হবে না নিয়েও শংকা আছে। হোটেল ভাড়াও আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের চেষ্টা থাকবে ওমরা ভিসাধারী যারা এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের টাকা যতটুকু সম্ভব ফিরিয়ে দেওয়া।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews