আইএনবি নিউজ: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পারভীন হাসান। তিনি ২২ ফেব্রুয়ারি থেকে অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বোর্ডের নতুন মহাসচিব এবং অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টিআইবির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
টিআইবির উদ্যোগে পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে বিদায়ী চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া বোর্ড বিদায়ী সদস্য এম হাফিজউদ্দিন খান ও ড. আকবর আলি খানকে টিআইবির কার্যক্রমে ভূমিকা ও অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
ট্রাস্টি হিসেবে মেয়াদ শেষ হলেও তারা সাধারণ পর্ষদের সদস্য হিসেবে টিআইবির সঙ্গে সংযুক্ত থাকবেন।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. পারভীন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অ্যাডভোকেট সুস্মিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের প্রথম আদিবাসী নারী আইনজীবী। তিনি জেলা আইনজীবী সমিতি, রাঙ্গামাটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য। আইন পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার, সুশাসন ও নারী অধিকার বিশেষ করে আদিবাসী নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন- মাহফুজ আনাম, সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, পারভিন মাহমুদ, আবুল মোমেন এবং অধ্যাপক ড. ফখরুল আলম।
আইএনবি/এনএম
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews