ঝিনাইদহ প্রতিনিধি: রাতের আঁধারে শৈলকুপার সাপখোলা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে গোপনে নারীদের দেড়শতাধিক ভিডিও ধারণ করার অপরাধে জান্নাতী নামের এক নারী ও জুলকার খাঁ নামের এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে তাদের উপজেলার সাপখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। এ বিষয়ে এদিন দুপুর ১২টার দিকে জেলা পুলিশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার আশিকুর রহমান।
পুলিশ সুপার জানান, গত এক বছরের বেশি সময় ধরে শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আঁধারে এ চক্র নারীদের ঘুমন্ত অবস্থাসহ রাতের ভিডিও ও ছবি ধারণ করে আসছিল।
ঈদের দিন রাতে গ্রামের কৃষক মামুনুল ইসলাম ফেরদৌসের বাড়ি থেকে গোপনে ভিডিও ধারণের সময় তিনি মোবাইলটি কেড়ে নিতে সক্ষম হন। বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ফোনটি জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী মামুনুল ইসলাম ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
গত ৩ থেকে ৪ মাস ধরে আসামি জুলকার খাঁ প্রেমিকা জান্নাতি খাতুনের মোবাইল দিয়ে পরিকল্পনা করে রাতের আঁধারে গোপনে ওই গ্রামের বিভিন্ন মেয়ের ঘুমন্ত নগ্ন ও অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। ধারণকৃত ভিডিও দিয়ে তারা টাকা হাতিয়ে নেওয়াসহ শারীরিক সম্পর্ক স্থাপন করবে এটিই তাদের মূল উদ্দেশ্য ছিল বলে জানায় পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া