আইএনবি ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বমঞ্চে এই গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এই ভাষণের মধ্য দিয়ে তিনি দেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র বিভিন্ন দিক বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। উল্লেখ্য, এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। ফলে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমানের এই ভাষণকে জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতার এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।
এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থা এবং রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মালয়েশিয়াসহ আটটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। রোহিঙ্গা সংকট সমাধানে সেখানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন কেবল সহমর্মিতা নয়, বরং সংকটের মূল কারণ ও সমাধান খোঁজার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার পরিবর্তে এই সংকটের স্থায়ী অবসানের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। উল্লেখ্য, জাতিসংঘ সফরের প্রথম দিনেই মঙ্গলবার তিনি ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এবং ইতোমধ্যে তিন দেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ লাভ করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews