খুলনা প্রতিনিধি: স্থায়ী ঠিকানা নিয়ে জটিলতায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও চাকরি না পাওয়া মীম আক্তারের পরিবারকে জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, ‘আমরা শুনেছিলাম, তার স্থায়ী ঠিকানা নেই, এ কারণে সে চাকরি পাচ্ছে না। পরে খবর নিয়ে দেখলাম, তার ঘরও নেই, জমিও নেই। প্রধানমন্ত্রীর উদ্যোগে যে আশ্রয়ন প্রকল্প আছে সেখান থেকে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ আছে। আমরা ওই প্রকল্পের আওতায় তাদেরকে ঘর করে দিবো।’
এর আগে খুলনা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফলে মেধাক্রমে প্রথম হন মীম আক্তার। কিন্তু স্থায়ী ঠিকানার জটিলতায় পুলিশ প্রতিবেদন তার বিপক্ষে যায়। তবে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানিয়েছিলেন, মেডিক্যালের সর্বশেষ পরীক্ষায় মীম আনফিট হয়েছিলেন এবং স্থায়ী ঠিকানার বিষয়ে তথ্য গোপন করেছেন।
মীমের বাবা রবিউল ইসলাম বলেন, ‘খুলনায় আমরা ৩২ বছর বসবাস করছি। আমার স্থায়ী কোনো ঠিকানা নেই। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিস থেকে ফোন করে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছিলো। পরদিন সকালে ডিসি অফিসে কাগজপত্র নিয়ে যায়। সেখানে কিছু কাগজপত্র দিয়েছি। স্থায়ী বসবাসের জন্য ঘরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews