আইএনবি নিউজ:করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি যুক্ত হয়ে অফিস খুলবে আগামী ১৫ এপ্রিল।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আগের ছুটির সঙ্গে ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১৪ এপ্রিল নববর্ষের ছুটি যুক্ত হবে। ফলে অফিস খুলবে ১৫ এপ্রিল। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
তবে প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এতে আরও বলা হয়, জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews