আইএনবি ডেস্ক: মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সরকারের লকডাউন ঘোষণায় দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে । অনেকটা ঈদযাত্রার মতো দলে দলে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছে মানুষ। আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরুর আগেই সবাই পৌঁছতে যায় বাড়ি।
রবিবার (২৭ জুন) ভোর থেকে ঘাট এলাকায় হাজার হাজার যাত্রীর ভিড় দেখা যায়। এত যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েক শ গাড়ি।
সকাল থেকে দেখা যায়, পুলিশের বসানো চেকপোস্ট উপেক্ষা করে বিভিন্ন পথে ছোট যানবাহনে যাত্রীরা ঘাট এলাকায় উপস্থিত হচ্ছেন। ঘাটে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, 'নৌ রুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। ঘাট এলাকায় সাড়ে চারশতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার কঠোর লকডাউন ঘোষণা করতে যাচ্ছে জানার পরই রাজধানীর কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করছে তারা। কারণ কোরবানি ঈদের এক মাসও বাকি নেই। পরে যেতে পারবেন কি না সেই আশঙ্কায় আগেভাগেই বাড়িতে স্বজনদের কাছে যেতে চান তারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews