চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বুধবার (২৭ অক্টেবর) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয় শাহিনা খাতুন (৩৭) নামে এক নারীকে।
পুলিশ জানায়, অবৈধ স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রাতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল মান্নান শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক আব্দুল মান্নান। তবে আটক করা হয় তার স্ত্রী শাহিনা খাতুনকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা) মুন্না বিশ্বাস ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা) মুন্না বিশ্বাস জানান, অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। মূলত স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক শাহিনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews