চুয়াডাঙ্গায় প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সোমবার রাতে পৌর এলাকার সুমিরদিয়া গ্রামে রড দিয়ে পিটিয়ে স্ত্রী নয়ন তারাকে (৩২) হত্যা করেছেন স্বামী আনোয়ার হোসেন।
এ সময় মেয়ে জান্নাতুল ফেরদৌস মাকে রক্ষা করতে এলে তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। নিহত নয়ন তারা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আনছার আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, ১৮ বছর আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় নয়ন তারার। দীর্ঘদিন ধরে পরকীয়া সন্দেহে স্ত্রী নয়ন তারাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী আনোয়ার হোসেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নয়ন তারার লাশ উদ্ধার করেছে। স্বামী আনোয়ার হোসেন ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন।
মেয়ে জান্নাতুল ফেরদৌসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে রাত ৯টার দিকে পুলিশ আসে এবং রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। স্ত্রীকে হত্যার পর স্বামী আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews