মুন্সিগঞ্জ প্রতিনিধি: হঠাৎ করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে (৬১) প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরের দিকে ফের তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
এর আগে আজ সোমবার ভোরের দিকে দীপু মনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার রাত থেকে তিনি অসুস্থ বোধ করলে আজ ভোরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে পাঠানো হলে তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। বেলা একটার দিকে তিনি কারাগারে পৌঁছান।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews