চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুজনকে খুঁজছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) এবং আব্দুল কাদির (২০)।
রোববার (১৪ জানুয়ারি) আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাতে চার যুবক ওই ভিক্ষুককে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews