গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক মোট ১০টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি থাকলেও তিনি অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা খেলে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় ফেরার পথে মুকসুদপুরে প্রবেশকালে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন। তবে বহরে থাকা রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews