গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক ৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে এবং অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রুজু হওয়া মামলার মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা দায়ের করেছে।
পুলিশের তথ্য বিবরণীতে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নিলে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধের পাশাপাশি পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে এবং পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর চালায়।
এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকেই কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
গত কয়েক দিনের এই টানা অসন্তোষের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়ে এবং দেশের দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews