আইএনবি ডেস্ক: কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ওমিক্রন ধরণসহ কোভিড ১৯ নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দিয়েছে । কমিটির ৫০তম সভায় মোট ৪টি পরামর্শ প্রদান করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে সভায় বলা হয়, পার্শ্ববর্তী দেশ ভারতসহ সারাবিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী, সভা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশংকা প্রকাশ করে।
সভায় বলা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি উক্ত কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য আইনী ব্যবস্থা যেমন মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেয় কমিটি। শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য সব ধরণের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্থানে পুনরায় হাত ধোয়ার ব্যবস্থা করা।
সামাজিক দুরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সকল সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহ্ফিল) ও রাজনৈতিক সমাবেশ এই সময় বন্ধ করতে হবে।
সভা বা কর্মশালার ব্যবস্থা অনলাইন এ করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।
সভায় বলা হয়, শিক্ষার্থীসহ সকলকে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে।
এছাড়াও সকল পয়েন্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরো জোরদার করণে সুপারিশ করা হয়। সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবেলায় হাসপাতাল প্রস্তুতি বিশেষ করে পর্যাপ্ত সাধারণ ও আই সি ইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবাহের ব্যবস্থা রাখার পরামর্শ দেয় কমিটি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews