পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী মনিরকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মাদবর ও সক্রিয় কর্মী সিয়ামের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী মনিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, রোববার (৪ অক্টোবর ২০২৬) গভীর রাতে বসাক বাজার এলাকা থেকে মনিরকে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং তার দামি স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায় করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তামান্না রহমান জানিয়েছেন যে মনিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সাকিব মাদবর দাবি করেছেন যে তারা মনিরকে কোনো মারধর বা আটক করেননি, বরং গভীর রাতে মনির এক তরুণীর বাড়িতে গেলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং খবর পেয়ে তিনি কেবল পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন যে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews