রংপুর প্রতিনিধি:রংপুরের পীরগাছায় জয়নাল সরকার নামে কথিত এক জিনের বাদশাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে পীরগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
আটক জয়নাল সরকার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জয়নাল দীর্ঘদিন থেকে মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামের এক নারীকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে আসছিলো। ইতিপূর্বে ওই নারীকে গুপ্তধন ও স্বর্ণের পুতুল দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন ।
মঙ্গলবার রাতে আবারো প্রতারক জয়নাল স্বর্ণের পুতুল ও গুপ্তধন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করেন। স্বর্ণের পুতুল ও গুপ্তধন বাড়িতে পৌঁছে দেওয়ার পর আরো ১০ হাজার টাকা প্রস্তুত রাখার কথা বলেন জয়নাল। ওই নারী গোপনে টাকা সংগ্রহের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়।
গতকাল বুধবার দুপুরে প্রতারক জয়নাল পীরগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীকে ফোন করে দাবিকৃত টাকাসহ এসে গুপ্তধন নেওয়ার জন্য ডাকে। এ সময় সেখানে ওৎ পেতে থাকেন ওই নারীর স্বজনরা এবং এলাকাবাসী। জিনের বাদশা জয়নাল সেখানে আসলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, প্রতারণার শিকার নারী বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। জয়নাল দীর্ঘদিন ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews