আইএনবি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা শারমিন জানান, জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট গঠন এবং সাম্প্রতিক রাজনৈতিক কৌশলগত অবস্থানের বিষয়ে তাঁর তীব্র আদর্শগত আপত্তি রয়েছে। জামায়াতের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রপ্রকল্প উদার গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, জামায়াতকে সংস্কারের বন্ধু মনে করার সিদ্ধান্ত সাধারণ মানুষ ও মূল সংস্কারপন্থীদের নতুন রাজনীতির ওপর থেকে আস্থাহীন করে তুলেছে। গত ১১ মাস ধরে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও মতাদর্শিক সংগ্রাম চালিয়েও দলকে এই পথ থেকে ফেরানো সম্ভব হয়নি বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনী কৌশল ও অভ্যন্তরীণ কাঠামোগত বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামান্তা শারমিন উল্লেখ করেন, ২০২৬ সালের নির্বাচনকে একটি যুগান্তকারী রাজনৈতিক রূপান্তরের সুযোগ হিসেবে কাজে না লাগিয়ে পুরোনো ধারার দলগুলোর সাথে কৌশলগত জোট বাঁধায় এনসিপি তার নিজস্ব রাজনৈতিক সম্ভাবনা ও জনআস্থা বিনষ্ট করেছে। এর পাশাপাশি, নির্ধারিত সময়ে দলীয় কাউন্সিল না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করাকে তিনি পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি বলে চিহ্নিত করেন।
বিবৃতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের আত্মত্যাগ ও অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তিনি দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা তুলে ধরেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার কথা থাকলেও এনসিপি সেই পথ এড়িয়ে নারীবিরোধী ও রক্ষণশীল প্রবণতার সঙ্গেই সমালীন হয়েছে।
পরিশেষে এনসিপির বাইরে এসে তিনি দ্বৈত মানদণ্ডমুক্ত, জাতীয় স্বার্থকেন্দ্রিক ও সমান অধিকারভিত্তিক নতুন ধারার রাজনীতির আহ্বান জানান। ভারত, আমেরিকা বা চীনের ওপর নির্ভরশীলতার পরিবর্তে সার্বভৌম ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা এবং তরুণদের নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews