আইএনবি ডেস্ক: রাজধানীর উত্তরায় চন্ডালবুক এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর উত্তরার চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আগুনের খবর পায় ভোর ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ হয় ৫টা ৪০ মিনিটে। এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান , লাশগুলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews