কক্সবাজার প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনায় একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দ আমিন। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, রবিবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ অবস্থান নেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে আসলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহত রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews